বগুড়া ব্যুরো :
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে বগুড়া মহানগর ছাত্রশিবিরের এক মাদক বিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ বটতলা হতে শোভাযাত্রাটি বের হয়ে তিন মাথা রেলগেট, মেডিকেল, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, সাতমাথা হয়ে আবারো কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্লেকার্ড বহন করা হয় ও জনসমাগম এলাকায় মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়। সাধারন জনতা হাত নেড়ে শোভাযাত্রা য় উপস্থিত ছাত্রদের শুভেচ্ছা জানান। কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারী শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী, প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন প্রমুখ।
সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক ভয়াবহ ব্যধিতে পরিণত হওয়ায় আক্রান্ত হচ্ছে পরিবার ও সমাজ। মাদক যুবসমাজের অপার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।
ছাত্রশিবির তরুণদের মাদক থেকে দূরে রাখতে কাজ করে যাচ্ছে। একই সাথে যুবসমাজ সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণ সমাজকে শতভাগ মাদক মুক্ত রাখায় কাজ করছে। কলেজ ক্যাম্পাস যেন মাদক সেবন ও বিক্রির অবাধ বিচরণ ক্ষেত্র না হয় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ছাত্রশিবিরের মাদক বিরোধী সাইকেল শোভাযাত্রা
জুন ২৯, ২০২৬
































