বগুড়া ব্যুরো :
বগুড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মীর মাহে আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথমে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শপথ নিয়েছেন। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হলেন তিনি।
শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মীর শাহে আলম। তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। মীর শাহে আলম ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীসময়ে ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ৩৫ বছর পর বগুড়ায় মন্ত্রী হিসেবে আমাদের নেতা মীর শাহে আলমকে মনোনীত করায় দলের প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং ওনার পরামর্শ নিয়ে যতটুকু করবার তা আমি করবো ইনশাল্লাহ। তিনি বলেন, ১৭ বছর ধরেই তো বগুড়া অবহেলিত।আমরা চেষ্টা করবো পিছিয়ে পড়া জায়গাগুলো চিহিৃত করে কাজ করার। সেই সঙ্গে অন্য জেলাও আবার যাতে পিছিয়ে না পড়ে সেটাও দেখতে হবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী মীর শাহে আলম
ফেব্রুয়ারি ১৭, ২০২৬


































