বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারপিট করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আজ রোববার (৫ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করেন এ ঘটনায় আক্রান্ত শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন নিজেই।
এদিকে এ ঘটনার পর রোববার বিকেল থেকে চক ভোলাখাঁ মহল্লায় পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। পুলিশের ভয়ে এলাকার শ শ নারী-পুরুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাঁকে গ্রেপ্তার করতে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তাঁর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। দ্রুতই রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের দাবি, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে আদালতের নির্দেশে পূর্বের একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছিল।
তিনি আরও জানান, রাজুর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও হত্যাচেষ্টা বিস্ফোরক দ্রব্য হামলা ভাঙচুর নাশকতাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় আ.লীগ নেতাকে ছিনতাই ২২০ জনের বিরুদ্ধে মামলা
অক্টোবর ৬, ২০২৫


































