চন্দ্রনাথ গুপ্ত :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ১৬ মাস অপেক্ষার পর চার মাসের বেতনভাতা পেয়েছেন। ১৬ মাস পর সোমবার দুপুরে তিনি পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল থেকে চার মাসের বেতন ভাতা বাবদ ৬৬ লাখ টাকা বেতন-ভাতা দিয়েছেন। এর মধ্য ৬ লাখ ৪০ হাজার টাকা সাবেক মেয়র কাউন্সিলরদের সম্মানী ভাতা। ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেছেন পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি।
পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী বলেন, পৌর হোল্ডিং কর বকেয়া থাকায় ২০২৩ সালের জুন মাস থেকে পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা ও পৌরসভার মেয়র কাউন্সিলরদের সম্মানী বকেয়া ছিল। গত ১৯ আগস্ট পৌর প্রশাসক দায়িত্ব গ্রহণ করে হোল্ডিং কর যথাসাধ্য আদায় করে ২০২৩ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ মাসের বেতন ভাতা ও তৎকালীন পৌর মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা দিয়েছেন। এদিকে দীর্ঘ ১৬ মাস পর বকেয়া বেতন ভাতা পেয়ে খুশি পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্রথম শ্রেণির এ পৌরসভাটিতে আয় কম। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয় পৌরসভার নিজস্ব রাজস্ব খাত থেকে। কিন্তু পৌরসভার রাজস্ব হোল্ডিং করসহ বিভিন্ন কর মাসের পর মাস বকেয়া থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও বকেয়া পড়ে যায়। এ জন্য তিনি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করাসহ উন্নয়ন করতে নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ১৬ মাস অপেক্ষার পর চার মাসের বেতনভাতা পেলেন
অক্টোবর ১০, ২০২৪
































