আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মধ্যপাড়া সেনা ক্যাম্পের ৭ হর্সের ক্যাপ্টেন কাজী নাঈম হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার আহবায়ক আনন্দ কুমার গুপ্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের টহল থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দেবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।”
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ পূজার সময় বিদ্যুৎ, পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ৬২ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
সেপ্টেম্বর ১৭, ২০২৫
































