রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় প্রথম বারের মতো রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের কপি চাষি মিলন রানা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও তদারকিতে দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের অধিন প্রথম বারের মতো পরীক্ষা মূলকভাবে রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষ করেছেন ডাঙ্গ গ্রামের কপি চাষি মিলন রানা। এতে আশানুরুপ সাফল্য পাওয়ায় তার দেখে রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষে এলাকার অন্যান্য চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন।

রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষি মিলন রানা বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও কারিগরি পরামর্শে ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষ শুরু করেছেন। এতে কৃষি বিভাগ থেকে ৭৫০ টি রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপির চারা, কেঁচো সার, ফেরোফিন ফাঁদ, জৈব বালাই নাশক ও জৈব স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে। সম্পূর্ণভাবে অর্গানিক পদ্ধতিতে এই রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষ শুরু করেন। এতে মাত্র ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই বাঁধা কপি পরিপক্ক হয়ে বিক্রির উপযোগী হয়। কপিগুলো রঙ্গিন হওয়ায় দেখতে আরো সুন্দর ও হালকা মিষ্টি সাদ রয়েছে। ইতোমধ্যেই তার উৎপাদিত রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি বাজারে বিক্রি করতে শুরু করেছেন। বাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এর কিছু কম দামে বিক্রি করলেও তার আশানুরুপ লাভ হবে। তবে এই কপি চাষে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার দ্বিগুণ অর্থ লাভ হবে হবে তিনি আশা করছেন।
খয়েরবাড়ী গ্রামের কৃষক প্রদীপ কুমার বলেন, মিলন রানার রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি চাষে ফলন ও লাভ দুটোই ভালো হয়েছে। এজন্য আগামীতে তিনিও এ জাতের কপি চাষ করবেন। পৌর বাজারের সবজি বিক্রেতার হারুন উর রশীদ বলেন, রঙ্গিন বাঁধাকপি বাজারে আসায় ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমান বাঁধাকপির চেয়ে বাজারে বেশি বিক্রি হচ্ছে রঙ্গিন বাঁধাকপি। দামও থাকছে দ্বিগুণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মন আক্তার বলেন, কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে ফুলবাড়ী উপজেলায় প্রথম বারের মতো রুবি কিং জাতের রঙ্গিন বাঁধা কপি পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। এজন্য কৃষি বিভাগ থেকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের কৃষক মিলন রানার ২০ শতাংশ জমিতে এ কপি চাষের মাধ্যমে ব্যাপক সাফল্য এসেছে। এতে অন্যান্য কৃষকও আগামীতে এ জাতের বাঁধা কপি চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। ফলে আগামীতে উপজেলায় ব্যাপক আকারে এ জাতের কপি চাষাবাদ হবে বলে আশা করা যাচ্ছে।
ফুলবাড়ীতে রঙ্গিন বাঁধা কপি চাষে ব্যাপক সাড়া আগ্রহী হচ্ছেন অন্য কৃষকও
ফেব্রুয়ারি ২১, ২০২৪
































