আমন্ত্রণ প্রতিবেদক :
সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক লাইসেন্সবিহীন ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আমিনুল ইসলাম এবং ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ফুলবাড়ী পৌর এলাকার বটতলীতে মাস্টার ফার্মেসি নামের একটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনায় এক ক্রেতা অসুস্থ হয়ে পড়েন। ওই ফার্মেসী থেকে কেনা‘ইবাটিন’নামের সিরাপ সেবনের পরই তাঁর বুকে জ্বালা-পোড়া ও বমি শুরু হয়। পরে বোতলটি পরীক্ষা করে দেখা যায়, ওষুধটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের এপ্রিলে।
এ ব্যাপারে সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং ওই দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, “অবৈধ ও লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
এ বিষয়ে ঔষধ তত্ত্বাবধায়ক মো. আমিনুল ইসলাম বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা ফৌজদারি অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “অবশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এটা ভালো উদ্যোগ। তবে ফুলবাড়ীতে আরও বহু লাইসেন্সবিহীন ফার্মেসি প্রকাশ্যে চলছে, সেগুলোতেও অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ কাণ্ড: সংবাদ প্রকাশের পর অভিযান, জরিমানা আদায়
নভেম্বর ৩, ২০২৫


































