আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার পানিকাটা গ্রামে অদ্য সোমবার (২৩ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান পালন করে গ্রামবাসী। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশ নেয়। তারা দুটি পুরুষ ও স্ত্রী ব্যাঙ ধরে তাদের বিয়ে দেয়। গ্রামবাসীরা পুরো সময় ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই’ এবং বিভিন্ন আঞ্চলিক বিয়ের গান গেয়ে নেচেছেন। অনুষ্ঠানের সময় রঙ খেলাও হয়।
বিকালে তারা বিবাহিত ব্যাঙগুলোকে কলাপাতার বাক্সে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ান। এসময় গ্রামবাসীদের কাছ থেকে চাল, ডাল, মুরগি ও মসলা টাকা সংগ্রহ করে রাতের খাবারের আয়োাজন করা হয়। ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় ৭৫ বছর বয়সী বৃদ্ধ্যা আহেতুন বেওয়া এবং তাকে সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা ও পুরো গ্রামবাসী।
আহেতুন বলেন, ‘প্রচন্ড গরমে আমরা পরিবারের সদস্যরা আগেকার দিনের একটি ঘটনার কথা স্মরণ করছিলাম। সে বছরগুলোতে গ্রামবাসীরা বৃষ্টির আসায় ব্যাঙের বিয়ে দিয়েছিল এবং পরদিন বৃষ্টি হইত।’ ‘তাই আমার নাতি বউয়েরাসহ গ্রামের সকলে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেই,’ বলেন তিনি। তিনি আরও বলেন, ‘আমরা অনুষ্ঠান করার পর এখনো বৃষ্টি হয়নি। কিন্তু দিনাজপুরের আকাশে মেঘ জমে ইতোমধ্যে গরম কমেছে।’
আহেতুনের নাতি সোহেল রানা কালেরকন্ঠকে বলেন, ‘বৃষ্টি না হওয়ায় গ্রামবাসীর আমন আবাদি জমি শুকিয়ে কাঠ হয়েছে। নলকূপে পানি পাচ্ছে না। খাবার পানি, সেচের পানি যোগাড় করতে কষ্ট হচ্ছে, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। ‘বৃষ্টি হবে কি না, জানি না। কিন্তু আমরা পুরো দেশে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। আমাদের পূর্বপুরুষরাও একই কাজ করতেন এবং আমরা তাদের অনুসরণ করলাম,’ বলেন তিনি।
দিনাজপুরের আবহাওয়া অফিস জানায়, পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম সপ্তাহ বৃষ্টি হয়েছে ১০৬ মিলি মিটার দ্বিতীয় সপ্তাহে ০৯ মিলি মিটার তৃতীয় সপ্তাহে ১৬ মিলিমিটার । গত ২ শে সেপ্টেম্বও থেকে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে তীব্র ও মাঝারি তাপপ্রবাহ চলছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) তাপমাত্রা মাপা হয়েছে ৩৮ পয়েন্ট ২ ডিগ্রি সেলসিয়াস। আজকে রাতে রংপুর বিভাগের অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































