আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে মুদির দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলাম (৩২) নামের এক মুদি দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মুদি দোকানী জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে। ঘটনাটি ঘটেছে, গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এলুয়ারি ইউনিয়নের পুটকিয়া গ্রামে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী একই এলাকার মহসিন আলীর ছেলে অভিযুক্ত মাহাবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, জাকিরুল ইসলামের মুদির দোকানে মহসিন আলীর ছেলে মাহাবুর রহমান বাকিতে কেনাকাটা করে আসছিলেন। দীর্ঘদিন থেকে বকেয়া টাকা না দেওয়ায় গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদার জাকিরুল ইসলামের সঙ্গে মাহাবুর রহমানের কথা কাটাকাটির হয়। এরই এক পর্যায়ে মাহাবুর রহমান ও তার দুইভাই আব্দুল মাবুদ ও মাহফুজুল ইসলাম সংঘবদ্ধ হয়ে জাকিরুল ইসলামের দোকানে দিয়ে তাকে এলোপাথারী মারপিট শুরু করেন। এতে জাকিরুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা জাকিরুল ইসলামকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুদি দোকানী জাকিরুল ইসলামের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত মাহাবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহত জাকিরুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্তদের মধ্য মাহাবুর রহমানকে রাতেই আটক করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান,, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মাহাবুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের অভিযান চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য সোমবার (৯ নভেম্বর) মর্গে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
নভেম্বর ৯, ২০২৬
































