আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দসহ শ্রী মিলন চন্দ্র (২৪) ও মো. মাসুদ রানা (১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি শ্রী মিলন চন্দ্র দিনাজপুর কোতয়ালী থানার পাতলশা সরকারপাড়া গ্রামের শ্রী গনেশ চন্দ্রের ছেলে এবং মো. মাসুদ রানা দিনাজপুর কোতয়ালী থানার বড়াইপুর (মোল্লাপাড়া) গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওইদিন বিকেল তিন টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা (ঢাকা-মেট্রো-ট-১৬-০৪১৭) নম্বরের চাল বোঝাই ট্রাক আসলে ট্রাকটি তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাকটির তল্লাশিকালে সামনের কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা একটি ট্রেচার কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল(ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো নিচে নামিয়ে তল্লাশী করে বড় ট্রেচার কালো ব্যাগের ভিতরথেকে ১৩৫ বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগের ভিতরে ৬৪ বোতল মোট ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি শ্রী মিলন চন্দ্র (২৪) ও মো. মাসুদ রানাকে (১৯) গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা পেশাদার মাদক কারবারি। আটককৃত ফেন্সিডিলগুলো মামলার পলাতক আসামী তরিকুল ইসলামের কাছে চালক মো. মোস্তাকিম শাওন ও চালক মো. রাশেদুর রহমান রাসেলসহ যোগসাজস করে কিনে চট্রগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রি করবে। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামীরা র্দীঘদিন ধরে মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনে ফেন্সিডিল বহন করে আসছিল। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ডিসেম্বর ২৫, ২০২৪


































