রীতা রানী কানু:
সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারিতে তরমুজ, খিরা, লেবু ও কলাসহ বিভিন্ন ধরনের ফল রাখতে চান রোজাদাররা। এতে কিছুটা স্বস্তি পান তারা। এ সুযোগ কাজে লাগিয়ে সব ধরনের ফলের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কয়েক দিন আগেও তরমুজ আকার ভেদে ৪৫ থেকে ৫৫ টাকা, খিরা ৪৫ থেকে ৫০ টাকা, লেবু ১০ টাকা হালি এবং কলা আকার ভেদে ৩০ থেকে ৩৫ টাকা হালিতে বিক্রি হয়েছে। অথচ গতকাল শুক্রবার (১৫ মার্চ) প্রতি কেজি তরমুজ আকার ভেদে ৭৫ থেকে ৮০, খিরা ৭০ টাকা কেজি, লেবু ৪৫ থেকে ৫০ টাকা হলি এবং কলা ৫৫ থেকে ৬০ টাকা হালি দরে বিক্রি হয়েছে।
পৌরবাজারের খুচরা লেবু বিক্রেতা হারম্নন উর রশীদ বলেন, এ সময় লেবুর আমদানি কম থাকে। দেশি জাতের লেবু খোঁজ মেলে না। কিছুটা হাইব্রিড লেবু পাওয়া যায়। তাই অধিক দামে কিনে প্রতি হালি লেবু ৪৫ টাকা থেকে ৫০ টাকা দামে বিক্রি করতে হচ্ছে।
ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড় এলাকার ফলের দোকানে গিয়ে দেখা গেছে, অন্যান্য ফলের মধ্যে পেয়ারা ৮০, আনারস ৮০, বরই ৯০ ও শসা ৬০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। এ ছাড়া খেজুর প্রকারভেদে ৪০০ থেকে এক হাজার ২০০টাকা, আপেল ৩৪০, আঙুর ৩০০, কমলা ২৮০, মাল্টা ৩৬০, ডাব প্রতিটি ১০০ থেকে ১২৫ টাকা ও বেদানা ৩৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

দেশে যে কোনো জিনিসের একটা দাম চাইতে পারলেই হয়ে যায়, এমন অভিযোগ করে ক্রেতা আব্দুল কাইয়ুম বলেন, এসব দেখার কেউ নেই। তরমুজ ৮০, কলা মানভেদে ৫৫ থেকে ৬০, দুধ ৭৫ থেকে ৮০ টাকা কেজি কখনও বিক্রি হয় নাকি? গত সপ্তাহে এগুলোর দাম অর্ধেক ছিল। খালি ফল না, সব জিনিসের দাম বেশি।
কয়েক দিন আগে ঠান্ডা থাকায় তরমুজের দাম কম ছিল দাবি করে ফল ব্যবসায়ী শ্রী মন্টু বলেন, এখন গরম পড়তে শুরম্ন করেছে। তা ছাড়া রোজার কারণে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি সরবরাহ কমে হওয়ায় দামও বেড়ে গেছে। এখন বেশি দামে কেনা, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে দাবি তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, রমজান শুরম্নর আগে থেকেই উপজেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করছে। কেউ যদি ইচ্ছা করে কোনো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় আর সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরম্নদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
ফুলবাড়ীতে তিনদিনের ব্যবধানে তরমুজ, খিরা, লেবু ও কলার দাম দ্বিগুণ
মার্চ ১৫, ২০২৪































