রীতা রান কানু :
দিনাজপুরের ফুলবাড়ীতে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বুদু মিয়া (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮ টা ৫০ মিনিটে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের দক্ষিণের আউটার সিগনাল সংলগ্ন ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামে।
নিহত দিনমজুর বুদু মিয়া বারোকোনা গ্রামের আইসক্রিম বিক্রেতা আবুল হোসেনের ছেলে। পেশায় একজন দিনমজুর ছিলেন।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. বারিকুল্লাহ্ বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টা ৫০মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী (৭৪৮ ডাউন) আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বিরামপুর অভিমুখে যাওয়ার পথে স্টেশনের দক্ষিণে আউটার সিগনাল সংলগ্ন বারোকোনা গ্রামে বুদু মিয়া নামের এক ব্যক্তি ট্রেনে নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পার্বতীপুর রেলওয়ে থানায় খবর দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































