রীতা রানী কানু :
দিনাজপুরের ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মার্কেটে জমে উঠেছে কেনাকাটা। সেই সঙ্গে ফুটপাতের দোকানেও ভিড় বেড়েছে। কেনাকাটায় তুলনামূলকভাবে নারী ক্রেতাদের সমাগম বেশি লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেট ও দোকানগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভিড়। ফুলবাড়ী পৌরশহরে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত রাত ১২টা পর্যন্ত জমজমাট থাকছে।
ফুলবাড়ী পৌর শহরের দয়াল মার্কেটে পরিবার নিয়ে পোশাক কিনতে আসা সরকারি কর্মচারী আব্দুল গফুর বলেন, রমজানের শেষের দিকে বাজারে অতিরিক্ত ভিড় এড়াতে তাঁরা আগেভাগেই ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন। তবে তার অভিযোগ, এবার পোশাকের দাম গত বছরের চেয়ে অনেক বেশি।
বিক্রেতারা জানান, ঈদ ঘিরে মেয়েদের পোশাকের মধ্যে আলিয়া কাট, নায়রা ও আলিফ লায়লা এবং ছেলেদের পোশাকের মধ্যে বোম্বে সিল্ক, সিকোয়েন্স, সুলতান ও সুলতান কিং পাঞ্জাবি বেশি সাড়া ফেলেছে।
চমক ফ্যানের স্বত্বাধিকারী মো. বাদল জানান, এ বছর ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা মেয়েদের আলিয়া কাট বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। আর ছেলেদের সিকোয়েন্স পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৩ হাজার টাকায়। পৌর বাজারের শাড়ি বিক্রেতা সাইফুল ইসলাম সাজু বলেন, ‘রোজার শুরম্ন থেকে ক্রেতাদের ভিড় রয়েছে। আশা করছি এবার বিক্রি ভালো হবে।’
পোশাকের পাশাপাশি নারী ক্রেতারা প্রসাধনের দোকানেও ভিড় করছেন। শহরের বাজার রোডের গিফট হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, এবার ক্রেতা বেশি, কেনাবেচাও বেশি। সকাল থেকে রাত পর্যন্ত টানা বেচাকেনা চলছে।
আলেয়া বেগম নামের এক ক্রেতা বলেন, ‘পরিবারের সদস্যের জন্য প্রায় ১৫ হাজার টাকার কাপড় কিনেছেন। গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি। যা সামর্থ্যে কুলাচ্ছে তাই কেনার চেষ্টা করছেন।’
কলেজ শিক্ষার্থী মিতু আক্তার বলেন, ‘তার মার সাথে মার্কেটে এসেছে। আলিয়া কাট জামাটা দেখছে। এটা তার খুব পছন্দের। তার বান্ধবীরাও এটা কিনেছে। এই জামাটাই সে নেবে বলে মনোস্থির করেছে।’
ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল কাইয়ুম বলেন, শান্তিপূর্ণ ও সার্বিক নিরাপত্তা পরিবেশে বিকিকিনি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় তাদের কোনো সমস্যা হচ্ছে না। এছাড়াও পৌরসভা থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এজন্য সব বয়সী মানুষ ঈদবাজারে আগে থেকেই ঝুঁকে পড়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নেন চেকাকেনা করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। পৌরশহরের পুলিশি টহল বাড়ানো হয়েছে। যেকোনো ধারণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্কেটগুলোতে পুলিশি নজরদারী চালানোহচ্ছে।
ফুলবাড়ীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা মার্কেটগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা
এপ্রিল ১, ২০২৪
































