আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) নামক এলাকায় গরু চুরির সন্দেহে যুবককে মারধর ঠেকাতে গিয়ে রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে এলাকায় মারপিটের ঘটনায় রুহুল আমিন আহত হয়ে একইদিন রাত ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রুহুল আমিন অম্রবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এরা হলেন, অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), তার ছেলে মহিন আলী (২০), একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ ইসলাম (২৭) ও তারভাই রাশেদ ইসলাম (৩০)। এরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির গোয়াল ঘর থেকে একটি গরু ছুটে যায়। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে তাকে অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় নিয়ে গিয়ে গরু চুরির সন্দেহে মারধর করা হয়। এ সময় ধৃত খোরশেদের চাচাতো ভাই রাজমিস্ত্রি রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রাসহ পরিবারের লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে এই মারপিট ও মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে অম্রবাড়ী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রুহুল আমিনের হত্যাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে অম্রবাড়ী গ্রামের নারী ও পুরুষ গ্রামবাসী মরদেহ নিয়ে বিক্ষোভসহ মানববন্ধন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সন্দেহে অম্রবাড়ী এলাকায় স্থানীয় কয়েকজন রুহুল আমিন নামের এক ব্যক্তিকে মারপিট করায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাদেরকে গ্রেপ্তার পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধিন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে যুবককে মারধর, ঠেকাতে গিয়ে চাচাতো ভাই নিহত
অক্টোবর ৩১, ২০২৬
































