অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ীতে এ বছর বোরো ধান চাষে খরচ বেড়েছে। কৃষকরা বলছেন, ডিজেল, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উপজেলা কৃষি কৃষি দপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১৪ হাজার ১৭৯ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা এরই মধ্যে ধানের চারা রোপণ শুরু করেছেন। গত মৌসুমে বাজারে আমন ধানের দাম ভালো পাওয়ায় বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকের।
এদিকে দ্রব্যমূল্য বাড়ার কারণে শ্রমিকের মজুরিও বেড়েছে। পাশাপাশি কীটনাশক, বীজ, সার ও ডিজেলের দাম বাড়ায় গত বছরের তুলনায় বিঘাপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, বলে জানান কৃষকরা।

উপজেলার শিবনগর ইউনিয়নের কৃষক রাম চন্দ্র বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে ইরি বোরো ধান রোপণ করতে খরচ হয়েছিল ১২ হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি খরচ বেড়েছে দেড় থেকে দুই হাজার টাকা। প্রতি বিঘায় খরচ হবে সাড়ে ১৩ হাজার থেকে সাড়ে ১৪ হাজার টাকা।’ সেই হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর বিঘাপ্রতি ১১ থেকে ১৪ শতাংশ বাড়তি খরচ গুণতে হচ্ছে কৃষকদের।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরো ধান চাষে সুষম মাত্রায় সার দেওয়ার জন্য ও লাইন, লোগো এবং পার্সিং করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
ফুলবাড়ীতে কৃষকের খরচ বেড়েছে বোরো চাষে
ফেব্রুয়ারি ২১, ২০২৪


































