আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন যুবদল। পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বানিয়াজান স্পার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলীম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ জাহান সুমন। এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে বক্তব্যে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ জাহান সুমন বলেন, যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে লাগানো বটগাছটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই স্মৃতিকে ধারণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বানিয়াজান স্পারে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে ভাণ্ডারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবদলের উদ্যোগে এক হাজার থেকে দেড় হাজার গাছের চারা রোপণ করা হবে।
ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
প্রধানমন্ত্রীর তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সবুজায়ন অভিযান
জুলাই ১০, ২০২৬
































