পীরগঞ্জ সংবাদদাতা :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে মঙ্গলবার(৮ অক্টোবর) অবৈধভাবে ভারত যাওয়ার সময় চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। পৃথক দুটি অভিযানে উপজেলার চান্দেরহাট সীমান্তে ৩৩৩ সাব পিলার ৩ এর এলাকার ভবানীপুর গ্রাম ও ৩৩২ সাব পিলার ৮ এর নলডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বনকোট গ্রামের মৃত গণেশ চন্দ্রের ছেলে রনি চন্দ্র (১৬), একই উপজেলার খনগাঁও গ্রামে সুপেন রায়ের ছেলে অর্জন (১৮) ও কোম্পানি রায় (২০) এবং দক্ষিণ সুলতানপুর গ্রামের মৃত বাবুল রায়ের ছেলে উত্তম চন্দ্র রায় (২১)।
চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত যাওয়ার পথে বিজিবি টহলরত দল তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় চার বাংলাদেশী নাগরিককে আটক
অক্টোবর ১০, ২০২৪


































