দৈনিক আমন্ত্রণ ঠাকুরগাঁও প্রতিবেদক :
মেয়ে তাসলিমা আক্তারকে (১১) নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন মা বেগম। রোববার অন্য মেয়েদের সঙ্গে পাশের কুলিক নদীতে গোসলে যাওয়ার বায়না ধরেছিল সে। এতে মানা করেন বেগম। পরে মাকে না জানিয়েই গোসলে যায় তাসলিমা। ইয়াসমিন আক্তার (১০) নামের আরেক শিশুর সঙ্গে সে নদীতে ডুবে মারা গেছে।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে ঘটে দুর্ঘটনাটি। ইয়াসমিন ওই গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে। তাসলিমার বাবা ইউসুফ আলীর বাড়ি দিনাজপুর সদরে। সে মায়ের সঙ্গে খঞ্জনা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
মেয়ের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা বেগম। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তারা নদীতে গোসল করতে যাবে, জানার পর নিষেধ করেছেন। তারপরও কোন সময় গেছে বলতে পারছেন না। এভাবে মেয়েকে হারাতে হবে কখনও ভাবেননি।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, সাঁতার না জানায় দুর্ঘটনার শিকার হয় শিশু দুটি। এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।
































