আমন্ত্রণ প্রতিবেদক :
দলীয় ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন দুই লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ১৮৫ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচকে কেড়ে নিচ্ছিলেন তিনি। পরপর দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
বাংলাদেশের করা ২৮৬ রানের জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৫ উইকেটে ২৩৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ১১৭ বলে ১১৪ ও চারিথ আসালাঙ্কা ৯৩ বলে ৯১ রান করে সাজঘরে ফিরেছেন। জয়ের জন্য এখনও তাদের ৬৬ বলে ৪৯ রান করতে হবে, হাতে আছে আরও ৫ উইকেট।
নিশাঙ্কা–আসালাঙ্কার জুটিতে হতাশা বাড়ছে বাংলাদেশের
৪৩ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে চারিথ আসালাঙ্কা ও পাথুম নিসাঙ্কার ব্যাটে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এরই মধ্যে ৩২তম ওভারে দলীয় দুইশ রান পূর্ণ করেছে তারা। এখন ৩৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২১৭ রান। বাকি ১৫ ওভারে জয়ের জন্য প্রয়োজন আর ৭০ রান। নিশাঙ্কা ১০৭ বলে ১০৯ ও আসালাঙ্কা ৮৫ বলে ৮২ রানে অপরাজিত।
দারুণ ছন্দে থেকে বাংলাদেশ সফরে এসেছেন পাথুম নিসাঙ্কা। প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও তিনি আউট হয়ে গেছেন ৩৬ রানে। দ্বিতীয় ম্যাচে আর ভুল করলেন না। চাপের মুখে ইতিবাচক ব্যাটিংয়ে করেছেন চমৎকার সেঞ্চুরি। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করার পথে ১০০ বলে ১১ চারের সঙ্গে ৩টি ছক্কা মেরেছেন লঙ্কান ওপেনার।
সবশেষ পাঁচ ম্যাচে তার তৃতীয় সেঞ্চুরি এটি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরির পর শেষটিতেও তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে এটিই তার প্রথম সেঞ্চুরি। একই পথে হাঁটছেন আসালাঙ্কা।
বাংলাদেশের বিপদ বাড়াচ্ছেন নিশাঙ্কা–আসালাঙ্কা
প্রথম পাওয়ারপ্লেতে ৪৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে রীতিমত উড়ছিল বাংলাদেশের বোলাররা। এরপরই যেন দৃশ্যপট পাল্টে ফেললেন দুই লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। এই দুই ব্যাটার পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে ফেলেছেন। এরই মধ্যে নিশাঙ্কা ফিফটি তুলে নিয়েছেন। একই পথে হাঁটছেন আসালাঙ্কাও। তাতে যেন বিপদ বাড়ছে টাইগারদের।
বাংলাদেশের করা ২৮৬ রানের জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১১৭ রান তুলেছে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৫৯ বলে ৫০ ও চারিথ আসালাঙ্কা ৪৩ বলে ৪১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখনও তাদের ১৮০ বলে ১৭০ রান করতে হবে, হাতে আছে আরও ৭ উইকেট।
শরীফুল–তাসকিনের তোপে চাপে শ্রীলঙ্কা
সিরিজ জয়ের মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর বোলিংয়ে এসেই লঙ্কানদের ইনিংসে আঘাত হানেন শরীফুল ইসলাম। তার দেখাদেখি উইকেট শিকারের উৎসবে সামিল হন আরেক পেসার তাসকিন আহমেদ। এই দুই টাইগার পেসারের বোলিং তোপে চাপে পড়েছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেটে ৪৯ রান তুলেছে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ২৪ ও চারিথ আসালাঙ্কা ২ রানে ব্যাট করছেন। শরীফুল ২টি ও তাসকিনের শিকার ১টি উইকেট।
তাওহীদের ব্যাটে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের
শেষ তিন বলে ১৬ রান আনতে পারলেই সেঞ্চুরি হত তাওহীদ হৃদয়ের। লাহিরু কুমারার চতুর্থ বলটি স্কুপ করতে ব্যর্থ হলেন। পঞ্চম বলে ছক্কা। শেষ বলেও ফল একই। ছক্কা। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান। তাওহীদের আক্ষেপ ৪ রানের। তাওহীদ থামেন ৮৬ রানে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে জিততে নির্ধারিত ৫০ ওভারে ২৮৭ রান প্রয়োজন লঙ্কানদের। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে সিরিজে।
দুইশ রানের আগে নেই ৬ উইকেট
ভানিদু হাসারাঙ্গার বাঁক খেয়ে আসা বলটি বুঝে উঠতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ব্যাট-প্যাডের ফাঁক গলে সোজা গিয়ে বল আঘাত হানে স্ট্যাম্পে। তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে বেশি সময় থাকতে পারেননি মিরাজ। ফিরেছেন ১২ রান করে। বাংলাদেশও হাসারাঙ্গা তোপে ৬ উইকেট হারিয়ে বসেছে দলীয় ২০০ রানের আগেই।
এই প্রতিবেদন লেখা অবধি ৩৭ ওভার শেষে ১৯৩ রান জমা করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে থেকে টানছেন তাওহীদ। ৬৩ বল থেকে ৪৩ রান করে ব্যাট করছেন মিডল অর্ডার ব্যাটার। তাকে সঙ্গ দিচ্ছেন লোয়ার অর্ডার ব্যাটার তানজিম সাকিব। হাসরাঙ্গা এখন অবধি নিয়েছেন ৪টি উইকেট।
জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সৌম্য সরকার দারুণ ফিফটি করে এগোচ্ছিলেন। তার সেঞ্চুরির পাওয়ার ইনিংসে বাগড়া দিয়ে বসেন ভানিদু হাসারাঙ্গা। ৬৮ রানে মধুশাঙ্কার ক্যাচ বানানোর পর দলকে টানতে আসা মাহমুদউল্লাহ রিয়াদও পারেননি বেশি সময় থাকতে। হাসারাঙ্গাকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। এক ওভারের মাঝে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩১ রান। ১৮ রানে তাওহীদ হৃদয় আর ১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। ২৩ ওভার শেষে মধুশঙ্কা ও হাসারাঙ্গা নিয়েছেন দুটি করে উেইকেট।
সৌম্যর দায়িত্বশীল ফিফটি
প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। তবে দ্বিতীয় ম্যাচেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ঝলমলে ব্যাটিংয়ে ফিফটি করলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ৫২ বলে মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ৯ চারের মার।
শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্যর দ্বিতীয় ফিফটি এটি। সব মিলিয়ে দ্বাদশ ফিফটির দেখা পেলেন এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২২ রান। সৌম্য ৫৯ বলে ৬২ ও তাওহিদ হৃদয় ২০ বলে ১৬ রানে খেলছেন।
জীবন পেলেন হৃদয়, শতক পেরোল বাংলাদেশ
অল্পের জন্য বেঁচে গেলেন তাওহিদ হৃদয়। দিলশান মাদুশানকার অফ স্টাম্পের অনেক বাইরের বল থার্ড ম্যান দিয়ে খেলার চেষ্টা করেছিলেন তিনি। ব্যাটের বাইরের কানায় লেগে যাওয়া বল ডান দিকে ঝাঁপিয়ে নাগাল পেলেও গ্লাভসে জমাতে পারেননি লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। তখন ৬ রানে ছিলেন হৃদয়। এরপর ১৭তম ওভারের দ্বিতীয় বলে দলীয় শতক পেরিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ৪৫ ও তাওহিদ হৃদয় ১১ রানে ব্যাট করছেন।
নাজমুলের বিদায়ে ভাঙল জুটি
ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর সৌম্য সরকারকে নিয়ে দলকে টানছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাদের জুটি ভেঙে দিয়েছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ১৩তম ওভারের প্রথম বলে ডিপ স্কয়ার লেগে সৌম্যর তোলা ক্যাচ নিয়ে উদ্যাপন করছিলেন আভিস্কা ফার্নান্দো। সেটি যে ফ্রি হিট, তা জানতেনই না তিনি। স্বাভাবিকভাবেই সৌম্যর আউট হওয়ার কথা নয় তাতে। সৌম্য আউটও হননি।
কিন্তু দিলশান মাদুশঙ্কা পরের বলেই ফেরালেন নাজমুলকে। অফ স্টাম্প ঘেঁষা দারুণ লাইন ও লেংথ। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন নাজমুল। তবে বেরিয়ে যাওয়া বলটি তাঁর ব্যাটের কানায় লেগে গেছে মেন্ডিসের হাতে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজ থেমেছেন ৩৯ বলে ৪০ রান করে, সৌম্যর সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৭২ বলে ৭৫ রান।
আবারও শূন্য রানে থামলেন লিটন
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন লিটন দাস। দিলশান মদুশঙ্কর বলে হয়েছিলেন বোল্ড। আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও ডাক মারেন তিনি। বোলার সেই মদুশঙ্ক।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলে বোকা বনে যান লিটন। ডিফেন্সিভ মুডে খেলতে গেলে বল তার ব্যাটে লেগে উঠে যায়। স্কয়ার লেগে সহজ ক্যাচ লুফে নেন দুনিথ। তাতেই লিটন ফেরেন ব্যাক টু ব্যাক ডাক মেরে। চাপে পড়া দলকে টানছেন শান্ত ও সৌম্য সরকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ রান। ফিরেছেন লিটন।
অপরিবর্তিত বাংলাদেশ দল
গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে শান্তরা।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সাগরিকার পারে এ ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার (১৫ মার্চ) দুপুর আড়াইটায়।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস (ক্যাপ্টেন), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্ক ও লাহিরু কুমারা।
নিশাঙ্কা-আসালাঙ্কার বিদায়ে স্বপ্ন দেখছে টাইগাররা
মার্চ ১৫, ২০২৪


































