গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি( দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে কৃষিপণ্যের সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে (হাইব্রিড সোলার অপারেটেড) মিনি কোল্ড স্টোরেজ স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত আজকের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আব্দুল আজিজ হোসেন। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত শাক-সবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের সুযোগ সৃষ্টি হলে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং কৃষির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাস আলী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রস্তাবিত হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ স্থাপিত হলে কৃষিপণ্যের অপচয় কমবে, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষকরা বাজারে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রি করে অধিক লাভবান হতে পারবেন। সভাটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুন ৩০, ২০২৬
































