আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় হঠাৎ করেই ছোঁয়াচে রোগ হাম-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে একজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীর নাম জুয়েল রানা (৩২)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের আশরাফ আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল জুয়েল রানা অসুস্থ অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ৩ এপ্রিল রাতে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামের সংক্রমণ রোধে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে একটি পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। পুরুষ ওয়ার্ডের একটি অংশে স্থাপিত এই আইসোলেশন সেন্টারে ৪টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত রোগীদের অন্যদের থেকে পৃথক রাখা জরুরি, যাতে সংক্রমণ বিস্তার রোধ করা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়ভাবে নমুনা পরীক্ষার সুবিধা না থাকায় দ্রুত রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ধুনটে দ্রুত একটি হাম পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তাই আক্রান্ত রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় কোনো সংকট নেই, তবে রোগ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে হবে।
আমন্ত্রণ/এজি
ধুনট হাসপাতালে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ১, চালু হলো আইসোলেশন কেন্দ্র
এপ্রিল ৪, ২০২৬


































