আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিচরোধের জের ধরে যুবদল নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় জিসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জিসান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি কুমারখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য রাঙ্গামটি গ্রামের শামসুল হকের সাথে রাঙ্গামাটি গ্রামের যুবদল নেতা মুরাদ হোসেনের পূর্ব থেকে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শামসুল হক ও তার লোকজন যুবদল নেতা মুরাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা মুরাদ হোসেন (৪২), তার ছেলে রতন মিয়া (১৬) ও একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬০) আহত হয়েছে।
আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন বাদি হয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইউপি সদস্য শামসুল হক সহ ১৮জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থল থেকে এক আসমিকে আটকের পর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে যুবদল নেতার বাড়িঘর ভাংচুর মামলায় গ্রেপ্তার ১
ডিসেম্বর ২৯, ২০২৪


































