আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক প্রান্তিক কৃষক পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার আনারপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের প্রান্তিক কৃষক জাবেদ মোল্লার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জাবেদ মোল্লা জানান, আগুন তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করে সংসার চালাতেন তিনি। বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলে তিনি জানান। এজন্য তিনি সরকারের কাছে সহায়তা কামনা করেছেন।
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের ভেতরে থাকা মালামাল ও নগদ অর্থ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
মার্চ ১০, ২০২৬
































