আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগস্ট) বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ। সকাল ১০টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। এছাড়া বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন ও যুব উদ্যোক্তা আনোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে উপজেলার ২৪ জন যুব উদ্যোক্তার মাঝে ৩৭ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া সমন্বিত গ্রাম উন্নয়ন যুব সংস্থার উদ্যোগে আলাদা র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































