আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় চালাপাড়া রয়েল কিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জান্নাতি এন্টারপ্রাইজ। বুধবার (১১ জুন) রাতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে জান্নাতি এন্টারপ্রাইজ ১২ রানের ব্যবধানে পরাজিত করে টি এইচ জে এন ফোর স্টারকে।
রাত ১০টায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক সুমন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুন্নবী আকন্দ।
আয়োজক কমিটির সভাপতি রবিউল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা বুলবুল আহম্মেদ মিঠু, ফরহাদ খান, স্বেচ্ছাসেবকদল নেতা আতিকুর রহমান শীতল, ছাত্রদল নেতা আলম হাসান, শরিফ, হালিম, আরাফাত হোসেন প্রান্ত, শেখ জাকারিয়া, জয় ও হাবিব।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড়েরা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। বিশেষ করে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল পুরো এলাকায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে চায় রয়েল কিংস ক্রিকেট ক্লাব।স্থানীয় ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনায় সফলভাবে শেষ হলো ধুনটের অন্যতম আলোচিত এই নাইট ক্রিকেট আয়োজন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে জমকালো নাইট ক্রিকেট টুর্নামেন্টে জান্নাতি এন্টারপ্রাইজের শিরোপা জয়
জুন ১৩, ২০২৫
































