আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকা একটি বিদ্যালয়ের সভাপতিকে যৌথবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন।
ঘটনাটি ঘটে ধুনট উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত ব্যক্তি হলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান (৩২)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সভাপতিকে বিদ্যালয়ের অফিস কক্ষে কৌশলে ডেকে এনে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সভাপতিকে উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা বাসযোগে নাটোরের গ্রীণভ্যালী পার্কে বার্ষিক বনভোজনে অংশ নেন। ওইদিন রাতে ফেরার পথে বাসের ভেতরে গান বাজানোর সময় অভিযুক্ত সভাপতি লুৎফর রহমান অন্তত ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ বিচারের আশ্বাস দিয়ে সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনেন।
বিদ্যালয়ে পৌঁছামাত্র বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তিনি অফিস কক্ষে আশ্রয় নেন। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে অফিস কক্ষ লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, অভিযুক্ত সভাপতি লুৎফর রহমানকে উদ্ধার করে থানা হেফাজতে দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয় সভাপতি গ্রেফতার
ফেব্রুয়ারি ৬, ২০২৬
































