আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা মধ্যপাড়া এলাকায় নিজ ঘর থেকে চম্পা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চম্পা খাতুন সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে এবং রামপুরা মধ্যপাড়ার মৃত আল-আমিনের স্ত্রী। প্রায় ১৫ বছর আগে চম্পার বিয়ে হয় আল-আমিনের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তানের জন্ম হয়। প্রায় ৭ বছর আগে আল-আমিন মারা গেলে চম্পা দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন চম্পা। সোমবার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তারা চম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মণ্ডল জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































