আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় গরু ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মাসুদ মন্ডল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ মন্ডল ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মাসুদ মন্ডল পেশায় একজন গরু ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। সম্প্রতি তিনি পুরোপুরি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। স্থানীয় এলাকায় ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে গাঁজা ও ইয়াবা সরবরাহ করতেন। অনেক সময় তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে ক্রেতাদের হাতে মাদক পৌঁছে দিতেন। শনিবার রাতে ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাসুদ মন্ডলকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে গরু ব্যবসার আড়ালে মাদক বেচাকেনা, গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
অক্টোবর ২০, ২০২৫


































