মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলার ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুর শহরের তিন রাস্তা মহাসড়ক সরকারি কলেজ মোড়ে নির্মিত “লিচু চত্বর”আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি কলেজ মোড়ে লিচু ঢত্বরটির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এটি দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। তাঁর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই লিচু চত্বর আজ বাস্তব রূপ পেয়েছে। নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব উদ্যোগে তাঁর ভূমিকা দিনাজপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জনসাধারণ।
শেষে অতিথিরা লিচু চত্বর পরিদর্শন করেন। দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পর উদ্বোধন করা হলো “লিচু চত্বর”
জানুয়ারি ৩, ২০২৬


































