মো. আসতারুল আলম, দিনাজপুর :
প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি+) এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনাজপুর-১ অঞ্চলের আওতাধীন দিনাজপুর সদর, ১নং ইউনিয়নের রানীগঞ্জ ও বিরল উপজেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় দিনাজপুর-১ অঞ্চলের ২১টি শাখার ৮০টি পরিবারের মাঝে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এছাড়া উপকারভোগীদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রত্যেককে ৩০০ টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম। তিনি বলেন, হাঁস-মুরগি পালন গ্রামীণ পরিবারের জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বল্প বিনিয়োগে অধিক লাভ অর্জন করা সম্ভব। এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি+) শংকর কুমার কুন্ডু (দিনাজপুর-১), ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর অমল কুমার ধাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. জিল্লুর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি+) মো. শফিকুল ইসলাম (শফিক), শাখা ব্যবস্থাপক (দাবি) এসএস রুবেল হাসান, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আব্দুর রহিম, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) মো. খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে হাঁসের বাচ্চা পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে উপকারভোগীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। বক্তারা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয় এবং তাদের সফল খামারি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জুন ১১, ২০২৬


































