রফিক প্লাবন, দিনাজপুর :
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, দিনাজপুর জিমন্যাসিয়ামের পরিচালক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এঁর স্মরণে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বাদ আসর দিনাজপুর জিমন্যাসিয়ামে সকল জিমন্যাস্টবৃন্দের আয়োজনে এই স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, নির্বাহী সদস্য আবু শাহীন, মরহুম আজিজুর রহমানের বড়ছেলে ফয়সাল ইবনে আজিজ। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন।
বক্তারা বলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ছিলেন খেলোয়াড় তৈরির কারিগর। তিনি আমৃত্যু ক্রীড়াঙ্গনের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন দিনাজপুরের ক্রীড়াঙ্গনের পথ প্রদর্শক এবং একজন আদর্শবান ক্রীড়া সংগঠক। এছাড়া তার স্মরণে দিনাজপুর জিমন্যাসিয়াম এর নাম ‘বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জিমন্যাসিয়াম’ রাখার প্রস্তাব করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান এঁর হৃদয় নীংড়ানো ভালবাসা ছিল। জিমন্যাস্টিকের রক্ষক ছিলেন আজিজুর রহমান। তিনি তার কর্মে, আদর্শে ক্রীড়াঙ্গনসহ সকল শ্রেণিপেশার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।
শেষে বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আবুল কাশেম সরকার দিনাজপুরি।
স্মরণ সভা ও দোয়া খায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম আজিজুর রহমানের ছোটছেলে ইমরান ইবনে আজিজ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, মো. আশরাফুল আলম রমজান, ক্বারী মোস্তফা আল হুসাইনি দিনাজপুরি, জিমন্যাসিয়ামের কোচ ও খেলায়াড়বৃন্দ প্রমুখ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের স্মরণে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই ১৩, ২০২৪
































