মো. সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, ঠাকুরগাঁও প্রতিবেদক :
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্মৃতি স্মরণে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ। ১৪ ডিসেম্বর, রোববার বিকেলে সংগঠনের আমাদের বাজার কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি গোলাম সারোয়ার চৌধুরী। সভায় স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং তাঁদের নৃশংসভাবে হত্যার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক মেহেবুবা শুভ। এছাড়াও, আলোচনা সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রচার সম্পাদক জাহেরল ইসলাম রনি। সংগঠনটির সদস্য-সদস্যা ও স্থানীয়রাসহ সকল বক্তা দেশের স্বাধীনতা অর্জন এবং জাতি গঠনে বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আমন্ত্রণ/এজি
ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
ডিসেম্বর ১৫, ২০২৫
































