জয়পুরহাট সংবাদদাতা :
র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এক সফল অভিযান চালিয়ে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট জব্দসহ জাল নোট ছাপানো চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার একজনের নাম আরাফাত আজিজুল হক (২০)। আরেকজন ১৪ বছর বয়সী কিশোর। আরাফাত জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আনিছুর রহমানের ছেলে এবং ১৪ বছর বয়সি ওই কিশোরের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামে। দুর্গাপূজা সামনে রেখে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রের।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বর্মণপাড়া এলাকায় রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার দুজনের কাছে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, নগদ ২ হাজার ৯০০ টাকা পাওয়া যায়। তাদের কাছে জাল নোট ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আরাফাত এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করে। তার সহযোগী হিসেবে ওই কিশোর কাজ করত। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল- রাজেক জানান, গ্রেপ্তার দুজন আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে আসল টাকা হিসেবে চালিয়ে দিত। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
জয়পুরহাটে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার
অক্টোবর ২, ২০২৪


































