গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় রিয়াজ ফরাজী (৪০) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ ফরাজী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরেনতলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী বাঁশবোঝাই একটি ট্রাক সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানটির চালক রিয়াজ ফরাজী গাড়িটি মেরামতের কাজ করছিলেন। ট্রাকের প্রচণ্ড ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমন্ত্রণ/এজি
ঘোড়াঘাটে বিকল কাভার্ড ভ্যানে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, চালক নিহত
আগস্ট ৫, ২০২৬
































