গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পলাশবাড়ী থানায় কর্মরত এএসআই আনিছুর রহমান (৪০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এঘটনায় পুলিশ কর্মকর্তা আনিছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় থেকে মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ থানার চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) থামিয়ে তল্লাশির সময় আনিসুর রহমানের কাছ থেকে প্যাকেট ও ব্যাগে রাখা সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃৃত পুলিশ আনিছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
আমন্ত্রণ/এসিজি


































