গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হসপিটাল এন্ড কনসালটেন্ট সেন্টারে জেলা স্বাস্থ্যসেবা অধিদপ্তর অভিযান চালিয়ে লাইসেন্স সহ বিভিন্ন সেবাদানের অন্যান্য অনুমতিপত্র না থাকায় তালা বদ্ধ করে সিলগালা করে দিয়েছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান গোবিন্দগঞ্জ শহরের হাসপাতাল মোড়ের অবস্থিত এই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মাসুদার রহমান সহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে সিভিল সার্জন অপর এক অভিযোগে শহরের দক্ষিণ বাস ষ্ট্যান্ডের হাজী ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। সেখানে বিভিন্ন অসংগতি থাকায় তাদেরকে এক সপ্তাহের মধ্যে যাবতীয় কাগজপত্র প্রস্তুত রাখার সময় দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে।
পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে কোন লাইসেন্স নেই, চিকিৎসক নেই, এখানে অপারেশন হয়। কিন্ত কোন চিকিৎসক এখানে অপারেশন করেন না, এছাড়াও অভিযানের সময় তারা কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। এমনকি রোগীর কোন রেজিষ্টারও নেই। এছাড়া নানা ধরণের অভিযোগ রয়েছে সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেন্ট সেন্টারের বিরুদ্ধে। অন্য দিকে দক্ষিণ বাসষ্ট্যান্ডের গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতালে (হাজি ক্লিনিকে) অনেক অসঙ্গতি থাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা ৭ দিনের মধ্যে এর প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বেসরকারি হসপিটালে সিভিল সার্জনের অভিযান : তালা বদ্ধ করে সিলগালা, তদন্ত কমিটি গঠন
সেপ্টেম্বর ৩, ২০২৫
































