গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের আব্দুল মজিদ খাজা মিয়া তার বাড়ির পাশ্বে অবস্থিত ১ বিঘার একটি পুকুরে রুই, মৃগেল, তেলাপিয়া, বাটা ও সিলভারকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পুকুর দেখে বাড়িতে এসে শুয়ে পড়েন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৫ টার দিকে তিনি পুকুর পাড়ে গিয়ে দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এ অবস্থা দেখে খাজা মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, বিষ প্রয়োগে পুকুরের ৮ থেকে ৯ মণ মাছ মেরে ফেলায় তার লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন পুকুর পাড়ে গিয়ে ঘটনা অবলোকন করেন।
এ ঘটনার জন্য প্রতিবেশী আবু হাসানকে দায়ী করে খাজা মিয়া বলেন, এর আগেও সে আমার পুকুরে বিষ প্রয়োগ করে দুই লাখ টাকার মাছ মেরে ফেলেছিল। প্রতিবেশী আবু হাসানের সাথে মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই সে আবারও এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় ভুক্তভোগী খাজা মিয়া গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ঘটনাটি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
আগস্ট ২২, ২০২৬
































