পঞ্চগড় সংবাদদাতা :
পঞ্চগড় সদর উপজেলায় বিএসএফ এর গুলিতে নিহত আনোয়ার হোসেন (৪০) এর মরদেহ আজ শুক্রবার (৬ ডিসেম্বর) পতাকা বৈঠকসহ সকল প্রক্রিয়া শেষে বিকালে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
জানা গেছে, নিহত বাংলাদেশি আনোয়ারের জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারত থেকে গরু নিয়ে ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ’ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা তাদের ওপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ সময় সঙ্গে চোরাচালানের দুইটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা।
গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড গুলি ফাঁকা ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। একই সঙ্গে একটি গরুও আটক করা হয়।
এদিকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে মরদেহটি বিএসএফের কাছ থেকে গ্রহণ করে বিকালে সব প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, মরদেহটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক আমন্ত্রণ এ আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে প্রকাশ পেয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গুলিতে নিহত বাংলাদেশি আনোয়ার হোসেনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
ডিসেম্বর ৬, ২০২৪


































