আমন্ত্রণ আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।
এতে বলা হয়, গাজায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৭৩৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
মন্ত্রণালয়ে তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৮ জন নিহত এবং আরও ২০১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। সেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
আমন্ত্রণ/এসিজি
গাজাজুড়ে ইসরায়েলি বর্বরতা: নিহত আরও ৪৮
ডিসেম্বর ৬, ২০২৪
































