বগুড়া ব্যুরো :
বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকার একটি দৈনিকে আট কোটি টাকা দিয়ে বিএনপির পদ কিনেছেন বলে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে বলা হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম ব্যবসায়ী নাহিদুজ্জামান নিশাদ। দলটির স্থানীয় শীর্ষ নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় অনেক হোমরা-চোমরার সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের নিয়মিত আসা-যাওয়া ছিল তার ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে।
আওয়ামী লীগের রাতের ভোট ও ডামি নির্বাচন সফল করতে দুবার প্রার্থী হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকার ক্ষমতাচ্যুত হলে পাল্টিয়ে ফেলেন ভোল। যোগাযোগ করেন করে অভ্যুত্থানপন্থি বড় দল বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, মেলে অভাবনীয় সাফল্য। পেয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতির পদ। তিনি কয়েক কোটি টাকার বিনিময়ে এই পদ বাগিয়েছেন বলে অনেক নেতাকর্মী বলে বেড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ডামি ভোটের প্রার্থী নিশাদের দাদা বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগার ভিটা গ্রামে। তার বাবা কাজের সুবাদে বেশ আগে বগুড়ায় পাড়ি জমান এবং সেখানেই বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। সেই থেকে পরিবার-পরিজন নিয়ে বগুড়া শহরের সেউজগাড়ীতে থাকছেন ও ব্যবসা-বাণিজ্য করছেন নিশাদ। তবে যাতায়াত আছে উভয় জেলায়। সবকিছুই বগুড়ায় হলেও নির্বাচন ও রাজনৈতিক পদ নিয়েছেন গাইবান্ধায়। গত ১৪ নভেম্বর পেয়েছেন জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ। তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, দলীয় নির্দেশে নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নিশাদ বগুড়া শহরে গড়ে তুলেছেন ‘রোচাস হোটেল’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
হাসিনার ডামি নির্বাচন সফল করার জন্য ২০২৪ সালে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিশেষ কারণে ভোটের আগের দিন সরে দাঁড়ান। এর আগে ২০২৩ সালের ৪ জানুয়ারি একই আসনে স্থগিত উপনির্বাচনে অংশগ্রহণ করেন। তবে জনরোষের ভয়ে সেই নির্বাচনেও ভোটগ্রহণের আগে সরে দাঁড়ান।
আমন্ত্রণ/এসিজি
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার
আগস্ট ২৫, ২০২৫
































