মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ধীরেনপাড়া গ্রামে পুকুরে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু ধীরেনপাড়া গ্রামের বাসিন্দা বিমল রায়ের ১৬ মাস বয়সী ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা বাড়ির পাশের একটি ব্র্যাক স্কুলে শিক্ষকতা করেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে স্কুলে যান।
একপর্যায়ে শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্কুলসংলগ্ন একটি পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য দয়াল রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি অসাবধানতার কারণে একটি নিষ্পাপ শিশুর জীবন ঝরে গেল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সকল অভিভাবকের প্রতি অনুরোধ, শিশুদের কখনো একা ছেড়ে দেবেন না। বিশেষ করে পুকুর, ডোবা বা যেকোনো জলাশয়ের আশপাশে তাদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখুন।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি
খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জুলাই ৭, ২০২৬
































