আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা উন্নয়নে এডিপির অর্থায়নে ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৯০টি ডাস্টবিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানসহ ৯টি ওয়ার্ডে এসব ডাস্টবিন বিতরণ করা হয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ডাস্টবিন সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাজিদি হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, সাবেক কাউন্সিলর আলি আজগর মান্নান এবং ঠিকাদার মোশারফ হোসেন।
এর আগে প্রধান অতিথি এডিপির অর্থায়নে ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ধুনট হাসপাতাল মোড় থেকে থানা মোড় পর্যন্ত ১৫টি স্টিক লাইটের খুঁটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় ঠিকাদার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা ও রাতের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমন্ত্রণ/এজি


































