বগুড়া ব্যুরো:
বগুড়ার গাবতলীতে চাকরি ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ‘এডিএ মিউজিক’ নামের একটি অ্যাপের মাধ্যমে প্রায় আড়াইশ গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লাকি খাতুন নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া শহরের ওয়াপদা পুরান বগুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটি খুলে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই প্রতারণা শুরু করেন লাকি। প্রথমে ৩৮০০ টাকা বিনিয়োগে দৈনিক ১২৫ টাকা, পরে পর্যায়ক্রমে আরও বড় অঙ্কের বিনিয়োগে আরও বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হতো। পঞ্চম লেভেল চালু হওয়ার আগেই লাকি খাতুন গাবতলী অফিসের তালা ঝুলিয়ে গ্রাহকদের সব টাকা নিয়ে পালিয়ে যান। এঘটনায় গাবতলী উপজেলার বাগবাড়ি তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ এ কাজে চঞ্চল নামে একজনসহ আরো সহযোগী রয়েছে লাকীর।
গত ৩০ সেপ্টেম্বর এবিষয়ে ভুক্তভোগীরা মানববন্ধন করেও কোনো সমাধান পাননি। অবশেষে শনিবার (১১ অক্টোবর) প্রতারক লাকি খাতুনের সন্ধান পেলে ভুক্তভোগীরা তাকে আটক করে বগুড়া শহরের ওয়াপদা পুরান বগুড়া এলাকায়। এরপর শহরের ওয়াবদা গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লাকি খাতুনকে ভুক্তভোগীদের কাছ থেকে হেফাজতে নিয়ে থানায় যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, এ ঘটনায় ফেরদৌস আলম নামের এক যুবক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। সেই মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এডিএ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে বিনিয়োগের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আড়াইশ জনের বেশি লোক প্রতারিত হয়েছে বলে জানা গেছে।
আমন্ত্রণ/এসিজি
এডিএ মিউজিক অ্যাপের মাধ্যমে প্রতারণা বগুড়ায় আড়াইশ গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী গ্রেফতার
অক্টোবর ১২, ২০২৫































