বিপুল সরকার সানি, দিনাজপুর :
পুলিশ ও সেনা সদস্যদের ন্যাক্কারজনক হামলার শিকার ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দ্রæত উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম আযম।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৯ আগস্ট একটি সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর দ্বারা একটি ন্যাক্কারজনক হামলার শিকার হন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় মারাত্মকভাবে আহত হন জনতা সাদ্দাম, নাজমুলসহ অনেকেই। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের উপর এরকম অমানবিক হামলার জন্য সকল রাজনৈতিক দল নিন্দা জানায়। সেই সাথে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও নিন্দা জানিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন। ঢাকা মেডিকেলের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের পরেও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে নূরের। এমন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া জরুরী।
তিনি আরো জানান, বিগত তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে স্বৈরাচারী হাসিনা সরকারকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সমর্থক কিছু কিছু প্রার্থী দাঁড় করিয়ে সুকৌশলে তাদের প্রভু দল আওয়ামী লীগকে ফেরত আনতে চায় তারা। আমাদের দাবি যে, স্বরাষ্ট্র উপদেষ্টার মদদে নূরের উপর হামলা হয়েছে তাকে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিসহ ১৪ দল যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে আগামী নির্বাচনের আগেই তাদের নিবন্ধন বাতিল করতে হবে।
সংবাদ সম্মেলনে গণধিকার পরিষদের দিনাজপুর শাখার সভাপতি শফিকুল ইসলাম, দিনাজপুর পৌর শাখার সভাপতি এস এম রাজীব হোসেন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
আহত নূরের বিদেশে সুচিকিৎসা ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন
সেপ্টেম্বর ৯, ২০২৫


































