মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর শহরের ঘাসিপাড়া জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের তিথির ডোর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ১৫ দিনব্যাপী অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী, সনদ বিতরণ ও গাভী -ছাগল বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
বুধবার (১ জুলাই) দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ-সচিব) মোছা. জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মুনির হোসেন।
১৫ দিনব্যাপী জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, গরু ও ছাগল বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড.এম জাহিদ হোসেন বলেন, অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সকলকে মিলে মিশে একসাথে কাজ করতে হবে। প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে স্বাবলম্বি হওয়ার কাজে লাগাতে হবে।
এসময় সহকারী পরিচালক মো. রুকুনুজ্জামান মন্ডল, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজমসহ বিভিন্ন উপজেলা অফিসারগণ উপস্থিত ছিলেন ।
আমন্ত্রণ/এজি
অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন
জুলাই ৩, ২০২৬
































