বগুড়া ব্যুরো :
বগুড়ায় পৃথক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে শহরের ফুলতলা ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া শহরে গ্রেপ্তার তিনজন হলেন, ফুলতলা এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ঝন্টু ও সোলাইমানের ছেলে মো. মানিক এবং শাজাহানপুরের চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে মো. বাপ্পী। পুলিশের দাবি, এরা তিনজনই ‘কুখ্যাত সন্ত্রাসী’। এদের মধ্যে ঝন্টুর বিরুদ্ধে দুইটি হত্যাসহ ১২টি, মানিকের বিরুদ্ধে দুইটি এবং বাপ্পীর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নন্দীগ্রামে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনসহ ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাঁকি ৩ জন হলেন, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম, আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ও ভাটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































