বগুড়া ব্যুরো :
বগুড়ায় গত ২৪ ঘন্টায় নাশকতা মামলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এরমধ্যে বগুড়া জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মালামাল পুড়িয়ে দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শহরের রাজাবাজার এলাকা থেকে প্রসেনজিৎ ঘোষ (৪৭) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রসেনজিৎ বগুড়া শহরের চেলোপাড়া এলাকার সাবেক পৌর কাউন্সিলর সুকুমার ঘোষের ছেলে। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হলে বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বুধবার (২ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি বাজার থেকে বিএনপির মিছিল ও দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা-ভাঙচুরের মামলায় খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
এছাড়াও শিবগঞ্জ থানা পুলিশ বুধবার (২ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে অগ্নিসংযোগ বিষ্ফোরক মামলায় মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মাছুদ রানা, পিরব ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ছানোয়ার হোসেন ও ময়দানহাট্টা ইউনিয়নের হাটগাড়ি গ্রামের শাহজাদাকে গ্রেপ্তার করেছে।
শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































