জয়পুরহাট সংবাদদাতা :
দীর্ঘদিন ধরে জয়পুরহাটে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। ভেঙে ফেলা হয়েছে কমিউনিস্ট পার্টির অফিস, ছাত্র ইউনিয়নের জেলা অফিসও। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের রেলগেট এলাকার পূর্বপাশের অংশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-পাকশী জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে জয়পুরহাট শহরের রেলগেট এলাকার পূর্বপাশের উত্তর দিকের অংশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে কমিউনিস্ট পার্টির অফিস, ছাত্র ইউনিয়নের জেলা অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা একটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে রেলওয়ের টিনের ছাউনি ও ইটের তৈরি দোকানপাটসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন।
দুপুরের পর রেলগেটের পূর্ব-দক্ষিণ অংশে অভিযান শুরু করেন। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে রেলওয়ের বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তাদের সহযোগিতা করেন রেলওয়ে রোভার স্কাউটের সদস্যরা।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, সকাল থেকে শহরের রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-পাকশী জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, রেলওয়ের ভূমি উদ্ধারকাজ আমাদের চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধি পাবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য। এ অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
জয়পুরহাটে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ
সেপ্টেম্বর ২৬, ২০২৪


































