আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা ছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে নিরাপত্তা ইস্যুতে আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ১০ দলের অংশগ্রহণে পরিবর্তিত সেই বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। দুবাই ও শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। গ্রুপ ‘এ’তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিগার সুলতানা জ্যোতিরা বিশ্বকাপ অভিযান শুরু করবেন। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ। ৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড।
১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে বিকাল ৪টায়। শেষ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল চলে যাবে সেমিফাইনালে। ১৭ ও ১৮ আগস্ট মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এর মধ্যে ভারত সেমিতে উঠলে তারাই খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ আগস্ট আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। দুই সেমি ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































