আমন্ত্রণ ডেস্ক :
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগ এই নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও ভর্তি রোগীদের সেবা দিতে দেরি করা হচ্ছে এবং কিছু হাসপাতাল সেবার জন্য অর্থ নিচ্ছে। সরকার ঘোষণা করেছে, আহতদের সব খরচ তারা বহন করবে, অথচ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) সেবার জন্য অর্থ গ্রহণ করছে। এই আচরণ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে :
– ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা কোম্পানির ডিলাররা হাসপাতলে প্রবেশ করতে পারবে না।
– চিকিৎসকরা রোগী দেখার সময়সূচি মেনে চলবেন।
– সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতরে বা রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।
যদি এই আদেশ না মানা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা দেশের সকল হাসপাতালের জন্য প্রযোজ্য হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এই বিষয়টি তদারক করবেন বলেও জানানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্য মন্ত্রণালয়
আগস্ট ১৯, ২০২৪


































